Skip to content
Home » Blog » মুম্বাইয়ের মেঘ-বৃষ্টিতে শাড়ির লুকে মোহ ছড়ালেন টালিউড ডিভা

মুম্বাইয়ের মেঘ-বৃষ্টিতে শাড়ির লুকে মোহ ছড়ালেন টালিউড ডিভা

কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টিতে ভেজা মুম্বাই। সেই সিনেম্যাটিক আবহেই নিজের সহজ অথচ স্টাইলিশ শাড়ির সাজে নজর কাড়লেন টালি সুন্দরী মনামী ঘোষ। তাঁর এই বাঙালিয়ানায় মোড়া ট্রাভেল লুক হতে পারে বর্ষাকালের ফ্যাশনের নতুন অনুপ্রেরণা।

টানা বৃষ্টি। কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে। সেই বৃষ্টিভেজা মুম্বাই যেন অন্য এক শহর—লোনা সমুদ্রের গন্ধ, ধূসর আকাশ, ভেজা পাথরের রাস্তা আর ইতিহাসের স্থাপত্য মিলিয়ে এক সিনেম্যাটিক আবহ। এমন সময়েই শহরটিকে নতুন করে আবিষ্কার করলেন ওপার বাংলার অভিনেত্রী মনামী ঘোষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবির সঙ্গে মনামী ঘোষ লিখেছেন, ‘সাত দিন ধরে এক মুহূর্তের জন্যও থামেনি বৃষ্টি। মুম্বাইয়ের বর্ষার গল্প অনেক শুনেছিলাম, এবার প্রথমবারের মতো সেটি নিজের চোখে দেখছি।’ আর এই ক্যাপশনের মতোই তাঁর ছবিগুলোও যেন মুম্বাইয়ের বর্ষার গল্প বলে।

সবচেয়ে নজর কাড়ছে মনামীর সহজ অথচ স্টাইলিশ সাজ। তিনি পরেছেন কমলা-সাদা ব্লক প্রিন্টের একটি শাড়ি।

এর সঙ্গে কনট্রাস্ট হিসেবে বেছে নিয়েছেন রয়্যাল ব্লু স্লিভলেস ডিপ ইউ-নেক ব্লাউজ, যা শাড়ির উষ্ণ রংকে আরও উজ্জ্বল করে তুলেছে। এ দুই রঙের মেলবন্ধন বর্ষার ধূসর আবহে এনে দিয়েছে প্রাণবন্ত এক আবেদন।

আলাদাভাবে নজর কেড়েছে মনামীর গলার লেয়ারড নেকপিসও।

ভারী নেকলেসের বদলে তালা আর তাবিজ-অনুপ্রাণিত পেনডেন্ট বেছে নিয়েছেন তিনি। ট্রাইবাল ঘরানার এ গয়না শাড়ির লুকে যোগ করেছে দারুণ এক বোহো-ফিউশন ছোঁয়া।

আইলাইনারে সাজানো চোখ, কপালে ছোট্ট কালো টিপ আর নাকে ছোট্ট নথ—সব মিলিয়ে একেবারে বাঙালি আবহে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। দুই হাতে নীল-সবুজ কাচের চুড়ি আর পায়ে সোনালি নূপুর তাঁর সাজকে করেছে আরও আকর্ষণীয়।

কখনো খোলা চুল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উড়েছে, আবার কখনো আলগা খোঁপায় ধরা দিয়েছেন তিনি। মেকআপও ছিল একেবারে ন্যাচারাল। সঙ্গে ছিল নীল রঙের কাপড়ের স্লিং ব্যাগ, যা পুরো লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

ছবির লোকেশনও কম আকর্ষণীয় নয়। এক ফ্রেমে মনামীর পেছনে দেখা যায় মুম্বাইয়ের ঐতিহাসিক গেটওয়ে অব ইন্ডিয়া, অন্য ছবিতে আইকনিক তাজমহল প্যালেস হোটেল।

কখনো সমুদ্রের ধারে বসে, কখনো দূরে তাকিয়ে, আবার কখনো রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে ধরা দিয়েছেন তিনি।

এক কাপ চা হাতে মুম্বাইয়ের টানা বৃষ্টিকে উপভোগ করার মুহূর্তও ধরা পড়েছে তাঁর ছবিতে।

এই ফটো সিরিজের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর স্বতঃস্ফূর্ততা। কোথাও অতিরিক্ত গ্ল্যামার নেই, নেই জমকালো স্টাইলিংয়ের বাড়াবাড়ি; বরং ভেজা বাতাসে উড়তে থাকা চুল, মেঘে ঢাকা আকাশ, বৃষ্টিস্নাত শহর আর আরামদায়ক শাড়ির সমন্বয়ে তৈরি হয়েছে এক অনবদ্য বাঙালি ট্রাভেল-চিক লুক।

মুম্বাইয়ের বর্ষার আবহ আর বাঙালিয়ানার মেলবন্ধনে মনামির এই স্টাইল সহজেই হয়ে উঠতে পারে বর্ষার ভ্রমণ-ফ্যাশনের অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *