Skip to content
Home » Blog » নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে জল্পনাকল্পনা

নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে জল্পনাকল্পনা

প্রতিবছর সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। আর তাই এ বছরও সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ সিরিজ উন্মুক্ত করতে পারে অ্যাপল। বরাবরের মতো এবারও নতুন মডেলের আইফোন বাজারে আনার বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। ফলে নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে তুমুল জল্পনাকল্পনা। শুধু তা–ই নয়, নতুন মডেলের আইফোনের কারিগরি দিক ও বিভিন্ন সুবিধা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে প্রযুক্তি বিশ্বে।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে আইফোনের নতুন মডেলগুলো নিয়ে একের পর এক তথ্য প্রকাশিত হচ্ছে। সর্বশেষ বিভিন্ন সূত্রের দাবি, আইফোন ১৮ সিরিজের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়তে পারে। একই সঙ্গে অ্যাপলের সম্ভাব্য প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) আইফোনে (যার নাম আইফোন আলট্রা হতে পারে) প্রায় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি থাকার আভাস মিলেছে।  

বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, নতুন প্রজন্মের আইফোন তৈরিতে আগের তুলনায় বেশি ব্যয় হতে পারে। এর কারণ হিসেবে স্টোরেজ ও মেমোরির দাম বৃদ্ধির কথা বলা হয়েছে। এ ছাড়া ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি নতুন প্রসেসর এবং প্রো মডেলে পরিবর্তনযোগ্য অ্যাপারচার সুবিধাসম্পন্ন প্রধান ক্যামেরা আইফোনে যুক্ত হলে দাম আরও বেড়ে যেতে পারে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন মডেলের আইফোনের দাম আগের সংস্করণগুলোর তুলনায় সর্বোচ্চ ২০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে। তবে সব মডেলের দাম সমানভাবে না বাড়িয়ে মডেলভেদে ভিন্ন মূল্য নির্ধারণ করতে পারে অ্যাপল।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে প্রযুক্তিবিষয়ক আগাম তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিত ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে, অ্যাপলকে ব্যাটারি সরবরাহ করা একটি প্রতিষ্ঠান সম্প্রতি দুটি পৃথক ব্যাটারি সেলের অনুমোদন নিয়েছে। ভাঁজ করা স্মার্টফোনে সাধারণত দুটি অংশে ব্যাটারি ব্যবহার করা হয়। একটি ব্যাটারির ধারণক্ষমতা ১ হাজার ৯২১ এবং অন্যটির ২ হাজার ৯৬২ মিলিঅ্যাম্পিয়ার। দুটি মিলিয়ে মোট ধারণক্ষমতা দাঁড়ায় ৪ হাজার ৮৮৩ মিলিঅ্যাম্পিয়ার। বাজারজাত করার সময় এটিকে প্রায় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি হিসেবে উল্লেখ করা হতে পারে। তথ্যটি সঠিক হলে আইফোন আলট্রার ব্যাটারি হবে বর্তমানের অধিকাংশ আইফোনের তুলনায় শক্তিশালী।

আইফোন ১৮ প্রোর নকশায়ও পরিবর্তন আসতে পারে। বিভিন্ন সূত্রের দাবি, নতুন মডেলগুলোর ওজন আগের তুলনায় কিছুটা বাড়বে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলের ওজন ২৪০ গ্রামের বেশি হতে পারে। ফোনের পুরুত্ব নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছে, নতুন আইফোনগুলো আগের সংস্করণের তুলনায় কিছুটা পুরু হবে। আবার কারও মতে, মূল পরিবর্তন হবে ক্যামেরা মডিউলের আকারে। রঙের ক্ষেত্রেও পরিবর্তনের আভাস রয়েছে। কালো রঙের প্রো মডেলের পরিবর্তে গাঢ় চেরি, হালকা নীল ও রুপালি রঙে নতুন ফোন বাজারে আনতে পারে অ্যাপল। তবে বরাবরের মতো অনলাইনে প্রকাশিত কোনো তথ্যের বিষয়ে মন্তব্য করেনি অ্যাপল।

সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *