Skip to content
Home » Blog » টাঙ্গাইলে বাবার জানাজায় মুঠোফোনে বক্তব্য দিলেন পলাতক সাবেক সংসদ সদস্য

টাঙ্গাইলে বাবার জানাজায় মুঠোফোনে বক্তব্য দিলেন পলাতক সাবেক সংসদ সদস্য

টাঙ্গাইলে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তানভীর হাসানের (ছোট মনির) বাবা আব্দুল গফুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। পলাতক তানভীর হাসান মুঠোফোনে যুক্ত হয়ে বাবার জানাজায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর মারা যান। রোববার সকালে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা, দুপুরে গোপালপুর উপজেলার বড়মা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা এবং বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়।

বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে জানাজায় মুঠোফোনে যুক্ত হয়ে সবার কাছে দোয়া চান তানভীর হাসান। চব্বিশের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ও তাঁর ভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাঙ্গাইল শহর শাখার সহসভাপতি গোলাম কিবরিয়া (বড় মনি) আত্মগোপনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গণ–অভ্যুত্থানে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে একাধিক মামলা হয়েছে। তাঁদের বড় ভাই গোলাম সরোয়ার জার্মানপ্রবাসী ব্যবসায়ী। তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন।

টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে আনা হয়েছে লাশবাহী ফ্রিজিং গাড়ি। রোববার বিকেলে

জানাজা শুরু হওয়ার আগে তানভীর হাসান মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন। তাঁর বক্তব্য কেন্দ্রীয় মসজিদের ভেতর মাইকে শোনানো হয়। এ সময় মসজিদের বাইরে ছিলেন পুলিশ সদস্যরা।

জানাজায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড এলাকার বাসিন্দা মাওলানা আনোয়ার হোসেন। তিনি জানান, প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন সাবেক সংসদ সদস্য তানভীর হাসান। এ ছাড়া তাঁর বাবার কাছে কারও কোনো দেনা–পাওনা থাকলে জানানোর অনুরোধ করেন। বাবার দেনা তাঁরা পরিশোধ করে দেবেন বলে তারভীর হাসান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *