Skip to content
Home » Blog » ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

ছেলের সংসার গড়ার স্বপ্ন নিয়ে পাত্রীর বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন মা। সে যাত্রাই হয়ে গেল অন্তিম যাত্রা। ভোলার মনপুরায় ভাঙাচোরা সড়কে মোটরসাইকেল থেকে পড়ে মনোয়ারা বেগম (৪৫) নামের ওই মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সঙ্গে থাকা তাঁর ছোট মেয়েও আহত হয়েছে।

গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের হালট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকাল ৯টায় জানাজা শেষে হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের দাসেরহাট এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিহত মনোয়ারা বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্বজনেরা জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে গতকাল সন্ধ্যায় চরযতিন গ্রামের বাড়ি থেকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের উদ্দেশে ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওনা দেন মনোয়ারা বেগম। তাঁর সঙ্গে ছিল ছোট মেয়ে। মোটরসাইকেলের মাঝখানে বসেছিল মেয়েটি আর পেছনে বসেছিলেন মনোয়ারা। পথে দুর্গম ও ভাঙাচোরা সড়কে মোটরসাইকেল হঠাৎ জোরে লাফিয়ে উঠলে ভারসাম্য হারিয়ে পেছন থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হন মনোয়ারা বেগম এবং তাঁর ছোট মেয়েও আহত হয়।

স্থানীয় লোকজন ও স্বজনেরা দ্রুত মা–মেয়েকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে মা ছেলের নতুন জীবনের সূচনার স্বপ্ন নিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন, সেই মাকেই পরদিন কবরে শুইয়ে চির বিদায় জানাতে হয়েছে স্বজনদের।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা মনজিল মোরশেদ জানান, হাসপাতালে আনার আগেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়েছিল। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *