Skip to content
Home » Blog » চকরিয়ায় বন্যার্তদের মধ্যে বন্ধুসভার খাবার বিতরণ

চকরিয়ায় বন্যার্তদের মধ্যে বন্ধুসভার খাবার বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও নিম্নাঞ্চলের বসতবাড়ি। ঘরে পানি ওঠায় চরম মানবেতর জীবনযাপন করছে দুর্গত এলাকার মানুষ; অনেক পরিবারে টানা দুই-তিন দিন ধরে চুলা পর্যন্ত জ্বলেনি। চরম খাদ্যসংকটে পড়া এমন মানুষদের সাহায্যে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে চকরিয়া বন্ধুসভা।

গতকাল শনিবার বিকেলে চকরিয়ার ১ নম্বর ওয়ার্ডের তরছ পাড়া, ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এবং ৩ নম্বর ওয়ার্ডের বাটাখালী জলদাশ পাড়া এলাকায় ঘুরে ঘুরে পানিবন্দী ১০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা। তাঁরা জানান, বন্যার কারণে যে পরিবারগুলোতে ২-৩ দিন ধরে রান্না হয়নি, মূলত তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে এই খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

চকরিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পানিবন্দী মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা।

প্রথম আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এস এম হানিফের সার্বিক দিকনির্দেশনায় এবং চকরিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আরমান রাফির নেতৃত্বে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করেন বন্ধুসভার উপদেষ্টা নারায়ণ কান্তি দাশ, আজিজুল হক, আবদুর রহিম ও তূর্ণা নিশিতা বড়ুয়া। দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাকবলিত এলাকায় গিয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে খাবার তুলে দেন চকরিয়া বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রানা, কার্যনির্বাহী সদস্য শংকর দাশ, সাইদুজ্জামান বাপ্পি ও মোহাম্মদ সোহান।

বন্যার্ত মানুষেরা এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে খাবার পেয়ে স্বস্তি প্রকাশ করেন। সংকটময় এই মুহূর্তে সমাজের বিত্তবান ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকেও মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান বন্ধুসভার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *