Skip to content
Home » Blog » সাতক্ষীরায় দোকান খুলতেই অজগর দেখতে পান ব্যবসায়ী, উদ্ধারের পর সুন্দরবনে

সাতক্ষীরায় দোকান খুলতেই অজগর দেখতে পান ব্যবসায়ী, উদ্ধারের পর সুন্দরবনে

সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর বাজারের একটি দোকান থেকে অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটি পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় বন বিভাগের সদস্য ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) বাজারটির একটি হার্ডওয়্যারের দোকান থেকে সাপটি উদ্ধার করে।

দোকানটির মালিক হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন বলেন, প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলতেই ভেতরে একটি বড় অজগর দেখতে পান তিনি। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ দোকানের সামনে ভিড় করেন। পরে খবর দেওয়া হলে বন বিভাগের কর্মী ও সিপিজি সদস্যরা সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর আগে দেখা যায়নি। তাঁদের ধারণা, খাবারের সন্ধানে আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে সাপটি লোকালয়ে চলে আসে এবং একসময় দোকানের ভেতরে ঢুকে পড়ে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর সেটিকে সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। তিনি বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক মানুষের ভিড় দেখা দেয়। তবে বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *