Skip to content
Home » Blog » মুনাফাভিত্তিক কোম্পানি গঠন করতে পারবে বিএমইউ

মুনাফাভিত্তিক কোম্পানি গঠন করতে পারবে বিএমইউ

শিক্ষা কার্যক্রমের অতিরিক্ত হিসাবে চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণে মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক কোম্পানি গঠন করতে পারবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এই ক্ষমতা দিয়ে আনা ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল’ জাতীয় সংসদে পাস হয়েছে।

মূলত ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল’ পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য এ বিল পাস করা হয়েছে। তবে বিলটির বিরোধিতা করে বিরোধী দল।

বিল পাস হওয়ার আগে বিলটি নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে বিরোধী দলের একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, এই বিল পাস হলে চিকিৎসার বাণিজ্যিকীকরণ হবে। এটি নজিরবিহীন হবে। এটি হলে এই হাসপাতাল থেকে সাধারণ মানুষ এখনকার মতো সেবা পাবেন না। দরিদ্র মানুষ সেবাবঞ্চিত হবে। যখন বিশ্ববিদ্যালয় আয় বা ব্যবসার জন্য কাজ করবে, তখন আর জনকল্যাণ থাকবে না।

বিলটির বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সরকারি হাসপাতালগুলো সীমাবদ্ধতার মধ্যে সেবা দিয়ে যাচ্ছে। দেশে স্বাস্থ্যশিক্ষার জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একটাই। এখানে তাঁরাই আসেন, যাদের সামর্থ্যে কুলায় না। এখন লাভজনক কোনো বিষয় যুক্ত করা হলে জনগণের ওপর দায় চাপবে। যতটুকু স্বাস্থ্যসেবা পাচ্ছে তাতেও বিঘ্ন ঘটবে।

বিরোধী দলের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দক্ষ, উঁচু মানের একটি হাসপাতাল করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ হাসপাতাল থেকে লাভ হলে, সেটা কেউ বাইরে নিতে পারবে না। এখানে সরকারের ১০ শতাংশ শেয়ার আছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটাকে কোম্পানি আইন দিয়ে অধিক বিজ্ঞ এক্সপার্ট লোক এনে আরও ভালো, উন্নতমানের চিকিৎসা দেওয়ার স্বার্থে আইনটি সংশোধন করা হচ্ছে। অনেক দরিদ্র মানুষ এখানে যেতে পারবেন না বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটা ঠিক না। দরিদ্রদের জন্য কোটা থাকবে। হাসপাতালকে জনকল্যাণমুখী করা হচ্ছে। এখানে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই।

একপর্যায়ে কণ্ঠভোটে বিরোধী দলের প্রস্তাবগুলো নাকচ হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অতিরিক্ত হিসেবে চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানি আইনের অধীনে মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক কোম্পানি গঠন করা বা অন্য কোনো আইনের অধীনে দাতব্য কর্মসূচি পরিচালনার লক্ষ্যে কোনো সংগঠন গঠন করা এবং এ ধরনের কাজ থেকে উদ্ভূত আয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রয়োজনে ব্যয় করতে পারবে। যেকোনো কোম্পানির শেয়ার অর্জন, ধারণ ও হস্তান্তর করতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় একটি বিশেষায়িত হাসপাতাল হিসেবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল’ নির্মাণকাজ সম্পন্ন হলেও চিকিৎসকসহ অন্যান্য সহায়ক জনবল নিয়োগ না হওয়ায় এবং পরিচালনার পদ্ধতি সুস্পষ্ট না হওয়ায় হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। হাসপাতালটি চালু করার লক্ষ্যে সুস্পষ্ট পরিচালনা পদ্ধতি ও জনবল নিয়োগ করার জন্য এই হাসপাতালকে কোম্পানি আইনের অধীনে পরিচালনার সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *