Skip to content
Home » Blog » ‘মাদকের সরবরাহ বন্ধ হলে মাদক সেবন বন্ধ হবে’

‘মাদকের সরবরাহ বন্ধ হলে মাদক সেবন বন্ধ হবে’

‘সরকার পরিবর্তন হয়, কিন্তু মাদক সেবন ও মাদক ব্যবসার কোনো পরিবর্তন আসে না’—ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে এই অভিমত ব্যক্ত করেন বক্তারা। ২৬ জুন বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, প্রবীণ শিক্ষক আজাদ আবুল কালাম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মো. রফিকুজ্জামান, সংস্কৃতিকর্মী সিরাজ এ কবীর, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী গোলাম মোস্তফা, ফরিদপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রুবিয়া মিল্লাত, বেসরকারি উন্নয়ন সংস্থা বিএফএফের নির্বাহী পরিচালক আনম আবদুল হাদী, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল প্রমুখ।

ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান উজ্জামান বলেন, ‘মাদক মোকাবিলা করার জন্য নাগরিকদের দায়িত্ব পালন করতে হবে। ফরিদপুরে যেসব সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আছে, সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

ফরিদপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন।

সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান বলেন, ‘মাদক নেওয়ার কারণে পরিবারের অনেকে ধ্বংস হয়ে যাচ্ছে। জীবনের জন্য অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য যেভাবে ব্যবসায়িকভাবে বিপণন করা হয়, আজ মাদকও তেমনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বেচাকেনা করা হচ্ছে। সরকার পরিবর্তন হয়, কিন্তু মাদক সেবন ও মাদক ব্যবসার কোনো পরিবর্তন আসে না। মাদক ব্যবসা বেড়েই চলেছে। মাদকের বিরুদ্ধে সমাজকে দায়িত্ব নিতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া এ ব্যাধি থেকে আমরা মুক্তি পাব না।’

ফরিদপুর সনাকের শিপ্রা রায় বলেন, ‘মাদকের কারণে পরিবার, সমাজ, সর্বোপরি রাষ্ট্র আক্রান্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় যে মাদক ব্যবসা করে আর যে মাদক সেবন করছে, তাকে ধরে বিচারের আওতায় আনা হচ্ছে; কিন্তু কোথা থেকে মাদক সরবরাহ করা হচ্ছে, সে জায়গায় আমরা কেউ হাত দিই না। মাদকের সরবরাহ বন্ধ হলে মাদকসেবন বন্ধ হবে।’

মানববন্ধন পরিচালনা করেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। ধন্যবাদ জ্ঞাপন করেন ফরিদপুর বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক মাফিকুল ইসলাম।

সভাপতি, ফরিদপুর বন্ধুসভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *